shabdamanas

Literary works of Manas Bhattacharjee

চিরঋণী

Admin

January 21, 2026

Share Article

*চিরঋণী*

নদী বলে—কবে জন্ম, কবেই বা মহামিলন—
কিছুই জানি না, স্মৃতিভারে নই আত্মরত।

ফুল বলে—আলোর সঙ্গে বেড়ে ওঠা, আমার
খুশি কেউ হত্যা করে, তবুও আমি সুরভিত।

গাছ বলে— শোক, দুঃখ, আঘাতেও আমার—
সাধনা ভালোবেসে যাওয়া; কেন হব কুণ্ঠিত?

হাওয়া বলে—অদৃশ্য আমি জীবন ছড়াই
সমতায়; সীমার বাঁধনে আমি নই ভীত।

মাটি বলে—নীরব আমি, হৃদয়ে ধরেছি—
কত জড়, প্রাণের আবদার, কেউ নয় বঞ্চিত।

আকাশ বলে—জগতের সমস্ত সত্য-মিথ্যার
কথা আমি জানি; সব জেনেও নই বিচলিত।

আমি আর কী বলব! নিয়েছি যত, দিইনি–
তার সিকিভাগও– এ ভার আর বাড়াব কত?

— Written by Manas Bhattacharjee

Written by Admin

View all posts →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *