মহান সঙ্গীত শিল্পী জুবিন গর্গ স্মরণে—–
‘মৃত্যুর অধীন নই আমি’
মানস ভট্টাচার্য
যেভাবে অমল আকাশ অন্তর মেলে ডাকে—
আয় অনিকেত, আয়, এই বুকে পরম আশ্রয়;
যেমন সাগরের টানে ছুটে মিলনের স্রোত
অমৃতের শরীরে তারা লীন হয়ে পূর্ণ হয়;
তেমনি আলোর চুমুতে পথ ছাড়ে অন্ধকার,
নেমে আসে স্পন্দন— জীবনেরই পরিচয়।
তার চেয়ে কম কিছু নও তুমি, হে ঊশীনর,
কাঞ্চনজঙ্ঘার মতো টানে তোমার হৃদয়।
দুঃখমেঘে জর্জর মানুষ পেয়েছে সঞ্জীবনী—
ভালোবাসা; যত ভয়, যত বাধা করেছ জয়।
মানুষে মানুষে সখ্যতার সোনালী সেতু,
মায়াবিনী রাত আজ অশ্রুভেজা—কই তুমি?
কেন যে হিংসানলে নিথর হলো আকাশ,
শব হলো নির্ভরতা, চারিদিকে কান্নার ধ্বনি।
আজ সব মনে একই কথা– হারিয়েছি–
অগ্নিমণি, তাঁর কাছে আমরা কত যে ঋণী।
অথচ নিঃশব্দে কে যেন বলে—“আছি নিত্য,
হরিৎ আভার মতো, মৃত্যুর অধীন নই আমি।”
– – – – –
— Written by Manas Bhattacharjee